`ডেসটিনি'র তথ্য ফাঁস!
জনপ্রিয় ভিডিও গেম `হ্যালো'-এর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বাঞ্জি সম্প্রতি নতুন একটি গেম তৈরি করছে বলে খবর ফাঁস হয়েছে। ইয়াহু অনলাইন এক খবরে জানিয়েছে, বাঞ্জির নতুন ভিডিও গেমটির নাম হবে `ডেসটিনি'। চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই এই গেমটি বাজারে আসতে পারে। মাইক্রোসফটের বর্তমান গেম কনসোল এক্সবক্স ৩৬০, পরবর্তী সংস্করণের এক্সবক্স ৭২০ ও প্লেস্টেশন ৪-এর জন্যও এই গেমটি উপযোগী হবে। কল অব ডিউটি গেম-প্রতিষ্ঠাতা জ্যাসন ওয়েস্ট ও ভিন্স জ্যামপেলা এবং গেম প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশনের মধ্যে মামলা চলছে। এ মামলার শুনানিতেই গেম নির্মাতা বাঞ্জি ও প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশনের মধ্যে ডেসটিনি গেম তৈরির চুক্তির বিষয়টি ফাঁস হয়ে গেছে।ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ডেসটিনি গেমটি হবে মাল্টিপ্লেয়ার গেম। এই গেমটির জন্য আলাদা ফ্রেঞ্চাইজি খুলবে অ্যাক্টিভিশন। এই ফ্রেঞ্চাইজি থেকে প্রতিবছর ডেসটিনি গেমটির নতুন সংস্করণ প্রকাশিত হবে। ডেসটিনি গেমটির ধরন হবে সাই-ফাই, অ্যাকশন ও শু্যটার গেম। এ গেমটি `কমেট' নামে ডাউনলোডের জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা করেছে বাঞ্জি।কেবল ডেসটিনি নয়, ডেসটিনির পরবর্তী গেমটি কী হবে-তা নিয়েও অ্যাক্টিভিশনের সঙ্গে চুক্তি করেছে বাঞ্জি। ফাঁস হওয়া তথ্য অনুসারে ডেসটিনির পর তৈরি হবে `ম্যারাথন' গেম।